খরায় ক্ষতিগ্রস্ত আফ্রিকার ৬ কোটি ৮০ লাখ মানুষ

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশগুলোর প্রায় ৬ কোটি ৮০ লাখ মানুষ এল নিনো ধাঁচের আবহাওয়ার কারণে সৃষ্ট খরায় ভুগছেন। এর ফলে ওই অঞ্চল জুড়ে ফসলের আবাদ নিশ্চিহ্ন হয়ে গেছে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৬ দেশের আঞ্চলিক জোট সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি) এই তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, এসএডিসির সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা গত শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেরে বৈঠক করেছেন। বৈঠকে খাদ্য নিরাপত্তাসহ আঞ্চলিক বিভিন্ন ধরনের সমস্যা ও সংকট নিয়ে আলোচনা করেছেন তারা।

এসএডিসি জানায়, বর্তমানে এসএডিসিভুক্ত দেশগুলোর প্রায় ৬ কোটি ৮০ লাখ মানুষের কিংবা এই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশের সহায়তা প্রয়োজন।