নারী বিদ্বেষকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনার চিন্তা

যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে চরম নারী বিদ্বেষকে প্রথমবারের মতো সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনার পরিকল্পনা করছে দেশটি।

দেশটির সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইভেত্তে কোপার সন্ত্রাসবিরোধী নীতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। যা বর্তমান আইনে থাকা ফাঁক ফোকরগুলো খুঁজে বের করবে এবং বিভিন্ন মতাদর্শগুলো পর্যবেক্ষণ করবে। যার মধ্যে অন্যতম হলো অনলাইনে নারী বিদ্বেষ ছড়ানোর বিষয়টি। এর মাধ্যমে উগ্রপন্থী চরমপন্থাকে যেভাবে দেখা হয় নারী বিদ্বেষকেও ঠিক একইভাবে দেখা হবে। এমনকি স্কুলের যেসব শিক্ষার্থীদের মধ্যে নারী বিদ্বেষ দেখা যাবে তাদের সরকারের সন্ত্রাসবিরোধী প্রোগ্রামে পাঠানোর জন্য শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার বিধান থাকছে এই আইনে।

যেসব শিক্ষার্থীকে সরকারের এই প্রোগ্রামে পাঠানো হবে তাদের মধ্যে উগ্রবাদিতার কোনো লক্ষণ আছে কি না সেটিও খুঁজে বের করবে স্থানীয় পুলিশ। তাদের কাজ হবে উগ্রবাদিতা থেকে এসব শিক্ষার্থীকে সরিয়ে আনা।