চুক্তিতে নিয়োগের পরদিন সিনিয়র সচিব ৫ কর্মকর্তা

অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের এক দিনের মাথায় তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এসব কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে এনে গত শনিবার চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে দীর্ঘদিন ধরে ‘পদোন্নতিবঞ্চিত’ উপসচিব ও সমপর্যায়ের পদে থাকা ২০১ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। যে তারিখ থেকে এ কর্মকর্তাদের কনিষ্ঠ কর্মকর্তারা তাদের ছাড়িয়ে যান, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব শেখ আবদুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নাসিমুল গনি এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব এমএ আকমল হোসেন আজাদ।

গণআন্দোলনের মুখে সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এ পাঁচ কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে কর্মজীবন শেষ করেছিলেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই প্রশাসনে ব্যাপক রদবদল হচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় সচিব পদে পদোন্নতি না পাওয়া এ পাঁচ কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

২০১ কর্মকর্তা পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব : যুগ্ম সচিবদের পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ইমেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে সচিবালয়ে পদ-পদোন্নতি থেকে ‘বঞ্চিত’ কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতা বেড়েছে। প্রায় প্রতিদিন জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সচিবালয়ে জড়ো হচ্ছেন তারা। তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা জানাচ্ছেন। এ সরকারের উপদেষ্টারা প্রথম কার্যদিবসে যখন দপ্তরে গেলেন, আওয়ামী লীগ সরকারের সময় ‘বঞ্চিত’ অনেক কর্মকর্তাই সেদিন তাদের কষ্টের কথা উপদেষ্টাদের শোনানোর চেষ্টা করেছেন। এমন পরিস্থিতিতে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নিয়েছে অন্তর্র্বর্তী সরকার।

শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তী সরকার প্রশাসনে রদবদলের পাশাপাশি ‘বঞ্চিত’দের পদোন্নতি অব্যাহত রেখেছে।

এর আগে গত ১৩ আগস্ট প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়। অর্থাৎ তারাও পুরনো কোনো সালের তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হবে এবং সেই তারিখ থেকে বিভিন্ন বিভাগের এসব কর্মকর্তা নতুন পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন।