চেলসি মালিক দলে টানতে যাচ্ছেন পেলে-ম্যারাডোনাকে!

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই চেলসি মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। ব্লুজদের ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে চেলসিকে।

ম্যাচ হারের পর বিতর্ক তৈরি হয়েছে চেলসি মালিক টড বোয়েলিকে নিয়ে, তিনি খেলা শেষ হওয়ার আগেই নিজের আসন ছেড়ে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ম্যাচের ৮৬ মিনিটে আসন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বোয়েলি। চেলসি তখন ২ গোলে পিছিয়ে। ভিডিওটি দেখার পর খেপেছেন চেলসি সমর্থকেরা।

ভিডিওতে চেলসি সমর্থকদের একজন কটাক্ষ করে লিখেছেন, 'টড বোয়েলি এখন (জোয়াও) ফেলিক্স, (ভিক্টর) ওসিমেন, (ফেদেরিকো) কিয়েসা, (ডিয়েগো) ম্যারাডোনা এবং পেলেকে কেনার জন্য যাচ্ছেন।' আরেকটি আইডি থেকে লেখা হয়েছে, 'টড বোয়েলি এখন নতুন খেলোয়াড় খুঁজতে যাচ্ছেন।'

এই মৌসুমেও দলবদলের বাজারে প্রচুর অর্থ খরচ করেছেন বোয়েলি। এখন পর্যন্ত খেলোয়াড় কেনার জন্য চেলসির ২১ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করার কথাও জানা গেছে। কিন্তু এতো অর্থ খরচ করেও ভালো ফলাফল হচ্ছে না চেলসির।