ইতালিতে গেলে তিন মাসেই যেখানে খেলোয়াড়েরা স্থানীয় ভাষায় কথা বলতে শুরু করেন, সেখানে ইংল্যান্ডে চার বছর থেকেও কেন ইংরেজিটা আয়ত্তে এলো না? নটিংহ্যাম ফরেস্টের ড্রেসিংরুমের এই বাস্তবতা নিয়েই প্রশ্ন তুলেছেন কোচ অলিভার গ্লাসনার। তাঁর মতে, তাঁর আসার আগে ক্লাবের মানদণ্ড যথেষ্ট উঁচুতে ছিল না।
ক্রিস্টাল প্যালেসের হয়ে এফএ কাপ ও কনফারেন্স লিগ জয়ের পর মালিক ইভানজেলোস মারিনাকিসের ডাকে সিটি গ্রাউন্ডে এলেও মৌসুমের শুরুটা খুব একটা স্বস্তির নয় ফরেস্টের। প্রিমিয়ার লিগের প্রথম ১১ ম্যাচের মাত্র দুটিতে জিতে গোল ব্যবধানে অবনমন অঞ্চলের ঠিক ওপরে অবস্থান করছে দলটি।
দলের শৃঙ্খলা ও পেশাদার মানদণ্ডের ঘাটতি এবং চার বছর ক্লাবে থেকেও কয়েকজন ফুটবলারের ইংরেজিতে কথা বলতে না পারার প্রসঙ্গ টেনে গণমাধ্যমের সামনে গ্লাসনার বলেন, ‘একটি প্রতিষ্ঠানে স্থিতিশীলতা আসে মানদণ্ড ধরে রাখার মাধ্যমে। যে-ই যোগ দেয়, সবাই সেই মানদণ্ডের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকে। আমার মতে, একদম সৎভাবে বললে, মানদণ্ড যথেষ্ট উঁচুতে ছিল না। আমাদের এমন খেলোয়াড় আছেন যাঁরা চার বছর ধরে এখানে আছেন, অথচ ইংরেজি বলতে পারেন না। আপনি যদি ইতালিতে যান, তিন মাস পরই প্রতিটি খেলোয়াড় ইতালীয় ভাষায় সাক্ষাৎকার দেন। আমার ক্ষেত্রে, আমি যদি ইংল্যান্ডে কোচিং করাতে চাই, তবে আমাকে ইংরেজি বলতে হবে।’
মাঠের পারফরম্যান্স ও ক্লাবের সামগ্রিক পরিবেশ ঢেলে সাজাতে জানুয়ারির দলবদলকে সামনে রেখে ইতোমধ্যেই নড়েচড়ে বসেছে ফরেস্ট; পাঁচজন পর্যন্ত নতুন খেলোয়াড় ভেড়ানোর লক্ষ্যে গত সোমবার লন্ডনে ক্লাব মালিক মারিনাকিসের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন গ্লাসনার।
দল, স্টাফ ও কাজের পরিবেশে কী কী পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে কোচ গ্লাসনার আরও বলেন, ‘তিনি (মারিনাকিস) জানতে চাইছিলেন স্কোয়াড, স্টাফ এবং পরিবেশের উন্নতির জন্য আমার কী প্রয়োজন, আমি এখানে কী চাই। তিনি নটিংহ্যাম ফরেস্টের সেরাটা চান, এখানকার সবার সেরাটা চান। স্কোয়াডে, স্টাফে এবং পরিবেশে আমাদের উন্নতি করতে হবে এবং এটাই ছিল আমাদের আলোচনা। দারুণ একটি বৈঠক হয়েছে এবং ছয় ঘণ্টা ভ্রমণ করাটা সার্থক হয়েছে।’
আইসল্যান্ড ক্রিকেটের রসিকতা, সূর্যবংশীর ব্যাটে আছে এআই চিপ!