মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজী (২৮) নিহতের ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবকে প্রধান আসামী করে অন্তত ৫০০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে সদর থানায় এ মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুমা বেগম।
মামলায় অন্তত ৭ জন জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২০৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি মামলার আসামিদের তথ্য জানাননি। পুলিশ সুপার বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
গত ৪ আগষ্ট জেলা শহরের থানারপুল এলাকায় আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে রিয়াজুল ফরাজী (৩৮), ডিপজল (১৯) ও মো. সজল (৩০) নিহত হয়। এদের সবার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। নিহত ৩ জনই শ্রমিক ছিলেন।