রাতের আঁধারে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে যান সংস্থাটির সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। পরে সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ করপোরেশনের কার্যালয় ঘেরাও করলে তিনি দ্রুত পালিয়ে যান।
নগর ভবন ছাড়ার আগে তিনি তার কার্যালয়ে দলবল নিয়ে আধাঘণ্টা সময়ক্ষেপণ করেন। গতকাল সোমবার এ-সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিছু গুরুত্বপূর্ণ কাগজ সরাতে তিনি এসেছিলেন বলে ধারণা করছেন এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ফুটেজ দুটি ডিএনসিসি নগর ভবনের। ফুটেজ দুটিতে রবিবার রাতে আতিকুল ইসলামের নগর ভবনে প্রবেশ এবং বের হওয়ার চিত্র রয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ‘রাত ৮টা ২০ মিনিটে মেয়র আতিকুল ইসলাম ১০ থেকে ১২ জনকে নিয়ে তার দপ্তরে প্রবেশ করেন। পরে রাত ৮টা ৫৪ মিনিটে মেয়র তার দপ্তর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিড গেট দিয়ে চলে যেতে দেখা যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক করপোরেশনের এক কর্মকর্তা বলেন, ‘মেয়র আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন, এমন খবরে স্থানীয় কিছু লোকজন এসে বিক্ষোভ করছিল। মূলত, মেয়রের অপসারণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিল। যদিও নির্দিষ্ট কাজে নগর ভবনে এসেছিলেন মেয়র। তিনি তার কক্ষে প্রায় আধাঘণ্টা লোকজন নিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে এ সময় তিনি করপোরেশনের গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে গেছেন। পরে বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছে বুঝতে পেরে তিনি দ্রুত কার্যালয় ত্যাগ করেন।’
এ বিষয়ে জানতে সাবেক মেয়র আতিকুল ইসলামকে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ‘মেয়র আতিকুল ইসলাম গতকাল রাতে কার্যালয়ে আসেন। সে সময় করপোরেশনে কেউ ছিল না। পরে মেয়র বের হয়ে গেলে তার কক্ষটি বন্ধ করে দেওয়া হয়। আজ মঙ্গলবার ডিএনসিসির নতুন প্রশাসক যোগদান করার কথা আছে। তিনি যোগদানের সময় প্রধান নির্বাহীসহ অন্য কর্মকর্তা মিলে মেয়রের কক্ষটি দেখা হবে সেখানকার কী অবস্থা।’
