স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরের তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের দুই লাখের বেশি মানুষ। এতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট ও ঘর-বসতি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে বন্যাদুর্গতরা। এদিকে ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ হয়েছেন একজন। উদ্ধার করা হয়েছে ৪ হাজারের অধিক মানুষ। পাহাড়ি ঢল ও বন্যার কবল থেকে রক্ষা করতে সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীর ওপর নির্মিত মুহুরী রেগুলেটরের (জলকপাট) ৪০টি গেট খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া ফেনী সদর ও দাগনভুঁইয়া উপজেলার চারটি ইউনিয়ন ছোট ফেনী নদীর পানিতে প্লাবিত হয়েছে।

ভয়াবহ এই বন্যায় বানভাসি মানুষদের উদ্ধারে বুধবার (২১ আগস্ট) দুপুর আড়াইটা থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যা কবলিতদের উদ্ধারে সেনাবাহিনীর ছয়টি বোট ফুলগাজী ও পরশুরামে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের আরও ছয়টি বোট এবং কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধারের জন্য সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত আছে। একইসঙ্গে বিজিবি সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক পরিবারের শত শত স্বেচ্ছাসেবক উদ্ধার ও খাদ্য সহায়তা করছে।

এদিকে বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে এক বার্তা দিয়ে জানানো হয়, ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে স্পিডবোট ও হেলিকপ্টার।

মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সীরহাট, আমজাদহাট ইউনিয়নের ৪০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিমমাথা এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রাজুসহ চার বন্ধু বেড়িবাঁধের ভাঙনকবলিত স্থানে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে রাজু প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরামের মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ এবং পৌরশহরসহ ৪৫টির বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। ছাগলনাইয়ার পাঠান নগর, রাধানগর, শুভপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রামে বন্যা হচ্ছে। এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তা-ঘাট, খামার, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা। বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

গত মাসের মাসের শুরুতে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর ১৫ স্থানে ভাঙন দেখা যায়। সেসব স্থানে মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও ১২ স্থানে ভাঙন দেখা দেয়। দেড়মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যায় বাঁধে ভাঙনে প্লাবিত হয় শতাধিক গ্রাম। অবকাঠামো, ধান, ফসল ও মৎস্যে ক্ষতি ৩০ কোটি ছাড়িয়ে যায়। ১৫ দিনের মাথায় আবার দেখা দিল বন্যা।

পরশুরামের সলিয়া এলাকার বাসিন্দা হাবিব স্বপন বলেন, আমাদের ত্রাণের চেয়েও এখন নৌকা বা স্পিডবোট বেশি প্রয়োজন। অনেকে বন্যা পরিস্থিতি এমন হবে বুঝতে পারেনি। এখন কোথাও যাওয়ার উপায় নাই। এ ছাড়া সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই। খাবার ও বিশুদ্ধ পানি নেই।

ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম রাজু বলেন, রাত ৩টার দিকে বুক সমান পানি দিয়ে ছোট সন্তানকে মাথায় নিয়ে পরিবারসহ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। চারদিকে পানি থইথই করছে। ঘরবাড়ি সব ডুবে গেছে। জিনিসপত্র কোনো কিছুই বের করতে পারিনি।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা বলেন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় পরশুরাম উপজেলার পরশুরাম পৌরসভা ও তিনটি ইউনিয়নের প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে,পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। গতকাল রাত ১২টা থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় দুইটা ডিঙি নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় ১৪৭০০ পরিবার পানিবন্দি রয়েছে। ২৪৬০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত একজন লোক নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমাদের নিকট আরও ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং ৫০ টন চাল মজুদ রয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূইয়া বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। গতকাল রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় দুইটা ডিঙি নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় ৪৮০০ পরিবার পানিবন্দি রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার জনকে উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার কাজ শুরু হচ্ছে। এখন পর্যন্ত একজন মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমাদের নিকট আরও ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং ৪৮ টন চাল মজুদ রয়েছে।

ছাগলনাইয়া উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৪০০ পরিবার পানিবন্দি রয়েছে। ২৫০টি পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ২০ মে.টন চাল, ১০০ প্যাকেট শুকনো খাবার ও ২ লক্ষ ৭৫ হাজার টাকা মজুদ আছে।

ফেনীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার শর্শদি, পাঁচগাছিয়া ও ফাজিলপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার সিন্দুরপুর, এয়াকুবপুর ইউনিয়নের কয়েক গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে ফেনী শহরের পাড়া-মহল্লার সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, মুহুরী নদীর পানি বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেনী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুনীর হোসেন বলেন, জেলায় বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ফেনী জেলা প্রশাসক মুসাম্মত শাহীনা আক্তার বলেন, সেনাবাহিনীর ছয়টি বোট ফুলগাজী ও পরশুরাম উপজেলায় উদ্ধার কাজ শুরু করেছে। ত্রাণ সহায়তা ও উদ্ধার অভিযানে প্রশাসন তৎপর রয়েছে।