সিলেটে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরীর আম্বরখানার বাসিন্দা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ মামলার আবেদন করেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল গফফার।
তিনি বলেন, ‘আদালতের বিচারক সুমন ভূঁইয়া আবেদনটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞতনাম আরও ৫০০/৬০০ জনকে আসামি করা হয়েছে।’
মামলার এজাহারে গত ৪ আগস্ট সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগের অঙ্গ—সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গুলি ও হামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে। বাদী নিজেও আহত হয়েছেন বলে বলা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি কামরুল ইসলাম, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন—অর—রশিদ, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট—৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীর, উপকমিশনার আজবাহার আলী শেখ, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, থানার সদ্য সাবেক পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পিযূষ কান্তি দে, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট চেম্বারের সভাপতি ও আওয়ামী লীগ নেতা তাহমিন আহমদ প্রমুখ।
উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় এখন পর্যন্ত সিলেটে ৪টি মামলা হয়েছে। গত সোমবার সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
একই আদালতে গত মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী সাজন আহমদ সাজু বাদী হয়ে সিলেট নগরীতে বিএনপির মিছিলে হামলা ও গুলির ঘটনায় মহানগর পুলিশ কমিশনার, সাবেক তিন সংসদ সদস্য, সাবেক মেয়রসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
