সিনেমাকে বিদায় জানাচ্ছেন আমির খান?

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:১৪ পিএম

দুই বছর আগে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। সিনেমাটির ভরাডুবির পর কিছুদিনের অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আমির খান। বলেছিলেন, ‘আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটা সময় কাটাতে চাই।’ সেসময় তার এই মন্তব্য ঘিরে চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল।

সম্প্রতি সাবেক স্ত্রী কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ নিয়ে আবারও আলোচনায় আমির। এখনো চারদিকে সিনেমাটির জয়জয়কার। এই সিনেমার প্রযোজনা থেকে প্রচার-সবখানেই দেখা গেছে আমিরের সরব উপস্থিতি। এরইমধ্যে আমিরের সিনেমা থেকে অবসর নিয়ে আবারও জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে এবার নিজেই মুখ খুলেছেন ‘মি. পারফেকশনিস্ট’।

সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান। হঠাৎ কী কারণে আমিরের মুখে এমন কথা? প্রশ্ন নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের। অবশ্য এর উত্তরও লুকিয়ে আছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে। কারণ সেখানেই নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন আমির। 

সামাজিক মাধ্যম ইনস্টাতে পডকাস্টের এক ঝলক প্রকাশ করেছেন রিয়া। সেই ভিডিওতে আমিরকে বলতে শোনা যায়, সিনেমা থেকে আমাকে সরতে হবে। উত্তরে অবাক রিয়া বলেন, মিথ্যে। আমিরও পাল্টা বলেন, আমি সত্যি বলছি। তারপরও নাছোড়বান্দা রিয়া লাই ডিটেক্টর টেস্ট করে নায়কের কথার সত্যতা যাচাই করতে চেয়েছেন।

পাশাপাশি আমির খান বলেছেন, আমি ম্যাজিকে বিশ্বাস করি, পারফেকশনে নয়। পাশাপাশি পডকাস্টে নিজের নানা অজানা কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আমির।

ইনস্টা ক্যাপশনে নিজের পডকাস্টে আমিরের মতো সত্যিকারের বন্ধু এবং তারকাকে পেয়ে উচ্ছ্বাসের কথাও উল্লেখ করেছেন রিয়া। পডকাস্টটি ২৩ আগস্ট অর্থাৎ শুক্রবার প্রচারিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত