যুদ্ধবিরতি নিয়ে ব্লিঙ্কেনের ভূমিকার সমালোচনা

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা নতুন করে আবারও শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে। অবশ্য ব্লিঙ্কেনের এ দাবিকে বিভ্রান্তিকর ও একপেশে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

গতকাল হামাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করছেন সেটি বিভ্রান্তিকর। কারণ হামাস যুদ্ধবিরতির চুক্তির চেষ্টা থেকে সরে যায়নি। উল্টো ইসরায়েল শর্ত পরিবর্তন করে যুদ্ধবিরতি বিলম্ব করছে।

হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির চুক্তির জন্য প্রস্তুত আছে এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ গত জুনে চুক্তির যে কাঠামোতে রাজি হয়েছিল সেটি মানতে তারা এখনো প্রতিশ্রুতিবদ্ধ।

ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠী আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করছে। এ ছাড়া যুদ্ধবিরতির চুক্তির যেসব বিষয় নিয়ে মতানৈক্য ছিল; সেগুলো এখনো রয়ে গেছে।

হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবে বলা আছে দুই ধাপে ইসরায়েলি সব সেনা গাজা থেকে সরে যাবে এবং দুই পক্ষের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে।