পুলিশের শীর্ষ ৩ কর্তা বাধ্যতামূলক অবসরে ওএসডি ২৩

বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতি: আইজিপি) এবং একজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন রেঞ্জ ও মহানগরের ১২ ডিআইজি এবং ১১ পুলিশ সুপারকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে অবসর ও ওএসডির এই আদেশ দেওয়া হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন অতিরিক্ত মহাপরিদর্শক আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এর আগে গত ১৩ আগস্ট অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। একই দিনে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মহানগর পুলিশের (আরএমপি) সাবেক কমিশনার মনিরুজ্জামানকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে বিভিন্ন রেঞ্জ ও মহানগরের দায়িত্বে থাকা ১২ জন ডিআইজি এবং ১১ পুলিশ সুপারকে ওএসডি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ দেওয়া হয়। ওএসডি হওয়া ডিআইজিদের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা এবং খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হককে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমানকে রেলওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমানকে নৌ পুলিশে, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে অ্যান্টি টেররিজম ইউনিটে এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে টুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে সারদায় পুলিশ একাডেমিতে, রাজশাহী মহানগরী পুলিশ কমিশনার (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে টিঅ্যান্ডআইএমে, সিলেট মহানগরী পুলিশ কমিশনার (ডিআইজি) মো. জাকির হোসেন খানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে এবং বরিশাল মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) জিহাদুল কবিরকে পিবিআইতে সংযুক্ত করা হয়েছে।

 ১১ জন পুলিশ সুপারকেও ওএসডি করা হয়েছে। তাদের মধ্যে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আজবাহার আলী শেখকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়, চট্টগ্রামের পুলিশ সুপার এস, এম শফিউল্লাহকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খানকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়, মাগুরার পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়, নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান ম-লকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেনকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবদুস ছালামকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ওএসডি করা হয়েছে।