টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোররাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বেলা যত বাড়ছে সড়কে যানজট তত দীর্ঘ হচ্ছে।
জানা যায়, চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। পানিতে সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।যার কারণে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা।
গাড়ি চালক মিলন মিয়া জানান, ভোরের দিকে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন। পুরো রাস্তা ভালোভাবে আসতে পারলেও চৌদ্দগ্রামে এসে যানজটের কবলে পড়ি। এখানে প্রায় দুই ঘন্টা ধরে আটকে আছেন। সড়কে পানি থাকায় গাড়ি চালানো অনেক কষ্টকর হচ্ছে। আর গাড়িও চলছে ধীরগতিতে তাই সড়কে যানজট লেগেছে।
জরুরি কাজে ঢাকা যাচ্ছিলেন হাবিবুর রহমান। তিনি জানান আমাকে দুপুর ২ টার আগে ঢাকায় পৌঁছাতে হবে কিন্ত রাস্তার যে অবস্থা সময় মতো যেত পারব বলে মনে হয় না।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমার জীবনে এতো বড় বন্যা দেখি নাই। আমাদের গ্রামের সব বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে।