চৌদ্দগ্রামে দেয়াল ধসে প্রাণ গেল নারী শ্রমিকের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পুরাতন ভবন ভাঙার সময় দেয়াল ধসে হোসনে আরা নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কনকপুর গ্রামে ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনে আরা নেত্রকোনা জেলার বারহাট্টা থানার গলধানা গ্রামের মো. হারিছ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ৬০০ টাকা মজুরিতে ঠিকাদার মো. জাহাঙ্গীরের অধীনে পুরাতন একটি ভবন ভাঙার কাজ করছিলেন হোসনে আরা। এ সময় হঠাৎ ভবনের একটি দেয়াল ধসে তার শরীরের ওপর পড়ে। তার চিৎকার শুনে সহকর্মী শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. হারিছ মিয়া জানান, মুন্সিরহাট বাজারসংলগ্ন কনকপুর গ্রামের মুজিবুর রহমানের পুরাতন মার্কেটের ভবন ভাঙার কাজ করছিলেন তার স্ত্রী। এ সময় হঠাৎ দেয়াল ধসে তার স্ত্রীর ওপর পড়ে। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমান আহমেদ বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে দেয়াল ধসে আহত অবস্থায় হোসনে আরা নামে এক নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, নারী শ্রমিকের মৃত্যুর বিষয়ে তাকে কেউ জানায়নি। আপনাদের মাধ্যমে প্রথম বিষয়টি জানতে পারলাম।

সর্বশেষ সর্বাধিক পঠিত