কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কাছ থেকে ইসিজি ও ইকো পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়, সরকারি ওষুধের মজুতে গরমিল এবং বিভিন্ন পণ্য কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখানোর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালটিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।
দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় কুমিল্লা জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. এমরান হোসেন। দলের অন্য সদস্যরা ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।
দুদক সূত্র জানায়, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন।
অভিযানে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইসিজি কার্যক্রমে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সেখানে দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিটি ইসিজির জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নিলেও নিয়মিত রসিদ দিতেন না বলে অভিযোগ রয়েছে। রোগীদের কাছ থেকে নেওয়া টাকার হিসাব ছোট ছোট সাদা কাগজে টোকেনের মাধ্যমে রাখা হতো। পরে দিন শেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ জন রোগীর নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হতো বলে দুদকের পর্যবেক্ষণে উঠে এসেছে।
দুদকের কর্মকর্তারা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে আসেন। অথচ রেজিস্টারে নিয়মিত ৪০ থেকে ৪৫ জনের নাম পাওয়া যায়। বাকি রোগীদের কাছ থেকে আদায় করা টাকার হিসাব সরকারি নথিতে নেই। এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রসিদ বই উদ্ধার করা হয়। রোগীদের ইসিজি রিপোর্ট, রেজিস্টার ও রসিদ বই যাচাই করেও অসংগতি পাওয়া গেছে।
হাসপাতালের ইকো কার্ডিও রুমেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা হলেও রোগীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তারা দেখতে পান, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দেওয়া রোগীদের তাৎক্ষণিক ইকো পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে সাধারণ রোগীদের পরীক্ষার জন্য দুই থেকে চার দিন পরের তারিখ দেওয়া হচ্ছে। এ সময় কয়েকজন রোগীর বক্তব্যও নেওয়া হয়।
হাসপাতালের বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে ওষুধের মজুতের সঙ্গে নথির হিসাবের গরমিল পাওয়া যায়। রেজিস্টার নিয়মিত হালনাগাদ করা হচ্ছিল না। সেখানে মন্টিলুকাস্ট ওষুধের ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ এক হাজার পাতার ঘাটতি রয়েছে।
কেন্দ্রীয় ওষুধের স্টোর পরিদর্শনেও মজুতের হিসাবে বড় ধরনের অসংগতি শনাক্ত হয়। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধ গণনা করে রেজিস্টারের সঙ্গে বাস্তব মজুতের পার্থক্য পান দুদকের কর্মকর্তারা। একটি ওষুধের রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও গণনায় এসকেএফ ব্র্যান্ডের ১৪ হাজার ৩১৮টি এবং বিকন ব্র্যান্ডের ৩ হাজার ২৯১টি পাওয়া যায়। বাকি ওষুধের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট স্টোর কিপার।
এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। এতে প্রায় এক হাজার ইনজেকশনের ঘাটতি দেখা গেছে।
দুদক জানায়, স্টোরে থাকা কয়েক ধরনের ইনজেকশন ও ওষুধের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করার সিল বা প্রয়োজনীয় নির্দেশনা ছিল না। এতে সরকারি ওষুধের সরবরাহ, গ্রহণ ও সংরক্ষণপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি।
হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায়ও অস্বাভাবিক দামের তথ্য পেয়েছে দুদক। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান ও বাজারমূল্য যাচাই করে এ অসংগতি শনাক্ত করা হয়।
দুদকের তথ্য অনুযায়ী, বাজারে ৬০ টাকার সাবান কেনা হয়েছে ৮৯ টাকা দরে। ১৪০ টাকার ৫০০ মিলিলিটার টয়লেট ক্লিনারের দাম দেখানো হয়েছে ২৪৯ টাকা। ২০০ টাকার ফিনাইল কেনা হয়েছে ৩৯৯ টাকায়। ২৫ টাকার টয়লেট টিস্যুর দাম ধরা হয়েছে ৬৯ টাকা। একইভাবে ১০০ টাকার হ্যান্ডওয়াশের দাম দেখানো হয়েছে ১৯০ টাকা। এ ছাড়া ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা ও পানির জগসহ বিভিন্ন পণ্য কেনাকাটায়ও বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখানোর তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, এসব পণ্য কেনাকাটায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দাম নির্ধারণ করা হয়েছে। এতে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা রয়েছে।
অভিযান শেষে দুদক জানায়, অভিযোগের বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব নথি সরবরাহের জন্য সময় নিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদন পর্যালোচনার পর অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।