বন্যার পানিতে তলিয়ে গেছে ফেনীর ফাজিলপুর এলাকায় রেললাইনের একটি অংশ। পূর্বাঞ্চলের চট্টগ্রাম-ঢাকা-সিলেট-চাঁদপুরসহ অন্যান্য গন্তব্যের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে এখন দেশের অন্যান্য জেলার ট্রেন চলাচল বন্ধ আছে।
রেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেললাইনের একটি অংশ ডুবে যায়। পানির স্রোতের সাথে লাইন থেকে পাথর ও মাটি সরে গেছে।
জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম থেকে দুটি ট্রেন ছেড়ে আসে। পরে ফেনীর কাছাকাছি থেকে আবার চট্টগ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছে।