ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি গোপন কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে ওই নারী নেত্রীর সঙ্গে ওসির কথোপকথনে মাইগ্রেনের ব্যথা, বাসায় আসা, দুই লাখ টাকা লেনদেন এবং পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। তবে অডিওটিকে 'ভোগাস' ও অভিযোগকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন অভিযুক্ত ওসি ফয়েজুল আজিম।
জানা যায়, গত ১১ নভেম্বর দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ। পরবর্তী সময়ে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি জামিনে মুক্তি পান। সম্প্রতি তার সঙ্গে থানার ওসির কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।
ফোনালাপে টাকার লেনদেন ও চাপের অভিযোগ উঠে আসে। ফাঁস হওয়া অডিওতে যুব মহিলা লীগ নেত্রী সনিকে ওসির উদ্দেশে বলতে শোনা যায়, ‘জনৈক তুহিনকে আপনি কিছু বলবেন, ও আমার বোনের কাছে টাকা চাইতেছে।’
ফাঁস হওয়া অডিওতে ওসি ফয়জুল আজিম নোমানকে ওই নারী নেত্রীকে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত নিজের বাংলোতে আসতে বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে ওই নারী নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। এ ছাড়া কথোপকথনে দুই লাখ টাকা লেনদেন এবং পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়টিও উঠে আসে।
অডিওতে তাসকিরা তানিন সনিকে বলতে শোনা যায়, ‘আমি ওই দিন থানায় ২ লাখ টাকা দিলাম, আবার জামিন করাতেও টাকা দিলাম। এখন সে যদি আবার টাকা চায়, আমি কোথা থেকে দিব?’
জবাবে ওসি তাকে আশ্বস্ত করে বলেন, ‘ঠিক আছে, এটা এখন থেকেই ফুলস্টপ, দাঁড়ি। আমি এখনই ওকে কল দিচ্ছি।’ কথোপকথনের একপর্যায়ে সনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন আপনারা যদি আমার কাছে টাকা চান, আমি প্রয়োজনে কিডনি বিক্রি করে দিমু।’ এর উত্তরে ওসি বলেন, ‘এতে আমি আরও লজ্জা পাইছি, এতে তোমারও ক্ষতি, আমার ক্যারিয়ারের জন্যও ক্ষতি।’
অডিওতে সনি ওসিকে প্রশ্ন করেন, পলাতক যুবলীগ নেতা ও তার প্রাক্তন স্বামী 'ক্রিমিনাল' খ্যাত পারভেজ কীভাবে পুলিশকে ফোন করেন?
এ সময় ওসিকে বেশ সতর্ক অবস্থানে কথা বলতে শোনা যায়। তিনি সনিকে জিজ্ঞেস করেন, ‘হোয়াটসঅ্যাপ কি একজনে ব্যবহার করেন, নাকি অন্য কেউও?’
সনি জানান, এটি শুধু তিনিই ব্যবহার করেন এবং তার ছোট বাচ্চা মেয়েটি অসুস্থ। এ সময় সনি আক্ষেপ করে বলেন, ‘আমার এতগুলো টাকা গেল, কাজের কাজ কিছুই হইলো না। আমাকে জেলে ভরে দেন।’
জবাবে ওসি সনিকে সতর্ক করে বলেন, ‘তুমি এখন থেকে যা যা কর, সবকিছু ওরা জানে কেমনে? আমার নম্বরসহ সব ডিলিট করে দাও।’ সনি তার মানসিক অবস্থা ভালো নেই জানালে ওসি বলেন, ‘তোমার মাথা ঠিক করার জন্যই চাইছিলাম ৫ মিনিট কথা বলতাম। এখন দুনিয়া একদিকে আর তুমি একদিকে... সামনে আসলে বলতাম।’
কথোপকথনের শেষ দিকে সনি অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে তাসরিফকে আপনি কল দিয়ে বলছেন, 'মামা যে তোমাদের থেকে ২ লাখ টাকা নিছি, তা কাউকে বলিও না'।’
অডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, থানা হাজতে থাকা অবস্থায় ওসি ফয়জুল আজিম নোমান তার সঙ্গে অসদাচরণ ও শ্লীলতাহানি করেছেন। একই সঙ্গে টাকা লেনদেনের বিষয়টি গোপন রাখতে তিনি তার ছেলেকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার জন্য নিষেধ করেছিলেন বলেও অভিযোগ করেন ওই নারী নেত্রী।
তবে ওসি এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেন, ‘না, আমি এই কথা বলি নাই। আমি যে তোমার সঙ্গে কথা বলি, ওরা জানে কেমনে? এজন্যই তোমার সঙ্গে কথা বলতে চাইছি, পারভেজের বিষয়ে তোমার চিন্তাভাবনা কী? এসব কথা বলে মুডটাই খারাপ করে দিলা।’
ফাঁস হওয়া অডিও ও টাকা লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি বলেন, ‘এটা ভোগাস, কী দিয়ে বানাইছে কে জানে।’
এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য। ফোনালাপের অডিওতে নিজের কণ্ঠ থাকার বিষয়টি স্বীকার করে তিনি জানান, ওই নারীকে গ্রেপ্তারের কৌশল হিসেবে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। পাশাপাশি পুলিশের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন।