ফেনী সদর উপজেলায় সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত রোড রোলারের ধাক্কায় মো. নীরব (১৬) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরব নেত্রকোনা জেলার বটতলী ইউনিয়নের মোহনগঞ্জ এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মালিপুর-স্টার লাইন সড়কের উন্নয়নকাজে শ্রমিক হিসেবে কাজ করতেন নীরব। কাজের ফাঁকে তিনি সড়কের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় লোহার চাকার রোড রোলারটি পেছনে নেওয়ার সময় চালক নুর আলম (৪২) পেছনে নীরবকে দেখতে পাননি। এতে রোলারের ধাক্কায় তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে সাইট ম্যানেজার মো. তারেকসহ সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে সড়ক নির্মাণকাজে শ্রমিক হিসেবে ময়মনসিংহ থেকে ফেনীতে এসেছিলেন নীরব। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রানীরহাট বাজার সড়কের পাশে বিরিঞ্চি ব্রিকস ওয়ার্কস এলাকায় থাকতেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।