কুমিল্লার বন্যাকবলিত ৬ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কুমিল্লা অবিরাম বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে প্লাবিত ছয়টি উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। উপজেলাগুলো হল, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম ও বুড়িচং ও ব্রাহ্মণপাড়া। সেই সঙ্গে দেখা দিয়েছে নেটওয়ার্ক সমস্যা। চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।

 শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতায় ডিজিম টেকনিক্যাল আতিকুর রহমান।

তিনি বলেন, নাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় ২ লাখ ৮৫ হাজার পল্লী বিদ্যুৎ গ্রাহক রয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি ও ভারতীয় ঢলের পানিতে এসব উপজেলায় বিভিন্ন জায়গায় বুক সমান পানি হয়ে গিয়েছে। এতে আমাদের লাইনম্যানরা কাজ করতে পারছে না। অনেক জায়গায় পল্লী বিদ্যুতের খুঁটি হেলে গিয়েছে। ভেঙ্গে গেছে ১২ টি পিলার। সেই সঙ্গে অন্তত ১৫ শত মিটার পানি ঢুকে নষ্ট হয়ে  গেয়েছে। এই অবস্থায় গত ২দিন ধরে ওইসব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও (চৌদ্দগ্রাম গুণবতী) উপজেলায় গত দু'দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এইসব উপজেলার ৪ লাখ গ্রাহকের মধ্যে ১ লাখ ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। এখানে ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। হেলে গিয়েছে ৪৭টি বিদ্যুতের খুঁটি। ৮ শত মিটার নষ্ট হয়ে গেছে। এখনো ক্ষতির পরিমাণ ধারণা করা যাচ্ছে না।