দাউদকান্দিতে চাচির হাতে ভাতিজা খুন, গ্রেপ্তার ৪

কুমিল্লার দাউদকান্দিতে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচির হাতে সুমন মিয়া (৪০) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সুমন মিয়া দশপাড়া গ্রামের মৃত শাহজালালের ছেলে। তিনি নারায়ণগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সরকারি কর্মচারী ছিলেন। 

এ ঘটনায় পুলিশ চাচি পারুল আক্তার (৪৫), তার স্বামী আলী মিয়া (৫৫), ছেলে রাব্বি আহমেদ ও মেয়ে তানিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমন মিয়া কর্মক্ষেত্র নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি এসে দেখে তার চাচি চারাগাছ লাগাচ্ছেন। তার সীমানায় গাছ লাগাতে মানা করায় চাচি তাকে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে চাচি পারুল আক্তার সুমন মিয়ার নিম্নাঙ্গে সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় পারুল আক্তারসহ ওই চারজন হাসপাতালে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদেরকে আটক করে মডেল থানায় নিয়ে আসে।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক সুজয় মজুমদার বলেন, ‘গাছ লাগানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিহত হন সুমন মিয়া। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পারুল আক্তারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’