ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা দু'জন মোটরসাইকেল আরোহী ছিলেন।

রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া-সুলতানপুর সড়কের সদর উপজেলার কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শাহীন মিয়া (৪৮) ও চঞ্চল (৩৮) ।

নিহত শাহীনের বাড়ি সদর উপজেলার উলচাপাড়া ও চঞ্চলের বাড়ি পৌর এলাকা মধ্যপাড়া। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অটোরিকশায় থাকা কয়েকজন আহত হয়েছে।

ইউনিয়ন পরিষদ মেম্বার মো. সোহরাব ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোড্ডা এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় লোকজন বেরিয়ে এসে দেখে মটর সাইকেলে আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন এবং দুজনই মৃত। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়।

 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। তবে ঘটনাস্থল জেলা সদর হওয়ায় সেখানকার পুলিকে খবর দেওয়া হয়েছে।