‘আমাদের বাঁচান, আমরা আটকা পড়েছি। গত দু'দিন ধরে ঘরের ভেতরে আছি। সামান্য শুকনো খাবার ছাড়া সঙ্গে কিছু নেই। ঘরের ভেতরের হাঁটু সমান পানি। বিশুদ্ধ কোনো পানি নেই। অনেক ভয় করতেছে।’ কথাগুলো বলছিলেন, গোমতী নদীর বাঁধ ভেঙে পানিবন্দি হওয়া বুড়িচংয়ের মো. সাকিব। তিনি উপজেলার জগতপুর গ্রামের কেনু মিয়ার ছেলে।
সাকিব বলেন, আমার বাবা-মাসহ আমার পরিবারে চারজন আটকা আছি। বর্তমানে জগতপুর উত্তর পশ্চিমপাড়ায় অন্তত ১০০ জন মানুষ পানিবন্দি হয়ে আটকা পড়েছে। তাদের সঙ্গে সামান্য কিছু খাবার ছাড়া আর কিছুই নেই। যা ছিল গত দুই দিনে শেষ করে ফেলেছে। ইতিমধ্যে বিশুদ্ধ পানি ও ছোট বাচ্চাদের প্রয়োজনীয় কাপড় ও ওষুধ পত্রের সংকট দেখা দিয়েছে। অপরদিকে উপজেলার রাজাপুর ইউপি রাজাপুর রেলস্টেশনের পাশে গিতা রানী সাত মাসের অন্তঃসত্ত্বাসহ বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আক্তার বলেন, খবর পেয়েছি, উদ্ধারকারী টিম পাঠিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করব।