আনসারদের ‘রেস্ট প্রথা’ বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে আনসার সদস্যরা। আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া বলেন, আন্দোলন স্থগিত করা হচ্ছে। সবাই কাজে ফিরে যাব।
চাকরি জাতীয়করণসহ বেশ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন আনসার সদস্যরা। তাদের এ আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। সাধারণ মানুষ পড়েন ব্যাপক ভোগান্তিতে।
এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন আনসাররা। রবিবার বেলা ১টা ২০ মিনিটের দিকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিদ্যুৎ ভবনের উল্টো দিকের ৩ নম্বর গেট দিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন। অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।
দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা। পরে বেলা ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
চট্টগ্রাম চেম্বারের ভোটবিহীন পরিচালনা পর্ষদ বাতিলের দাবি
বাস-থ্রি হুইলারের সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা