জানালেন সমন্বয়করা

ছাত্র আন্দোলনের নামে গণমাধ্যমের তালিকাটি ভুয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করেছেন এই আন্দোলনের নেতারা। তারা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করে চিঠির মাধ্যমে বা কাউকে কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলছে এবং করলে অপমান-অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে ছাত্রনেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক এবং ভুয়া। নেতারা এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন।

‘মিডিয়া সতর্কবার্তা’ শিরোনামে প্রচারিত ওই চিঠির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে ছাত্র আন্দোলনের প্রথম সারির সমন্বয়করা নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকাল রবিবার দুপুরে ওই চিঠির অনুলিপির একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘এই সংবাদ বিজ্ঞপ্তিটি ভুয়া। এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।’

আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমও ফেসবুকে ওই চিঠির ছবি দিয়ে সেটিকে ভুয়া হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল একটি গণমাধ্যমকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত “মিডিয়া সতর্কবার্তা” শীর্ষক চিঠিটি ভুয়া।’