বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা গ্রহণ অব্যাহত রয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৮৩৬ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
মাদারীপুর : তাওহীদ সন্নামাত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, সাবেক চিফ হুইপ মাদারীপুর-১ আসনের সাংসদ নূর ই আলম চৌধুরী, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের সাবেক সাংসদ আবদুস সোবহান মিয়াসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর পুলিশ সুপার মো. শফিউর রহমান। গত রবিবার রাতে মামলাটি করা হয়। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।
কিশোরগঞ্জ : ইটনায় আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ ৩৮ জনের নামে মামলা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ওয়ারা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মো. হারুন মিয়া (৩৫) বাদী হয়ে এ মামলা করেন। ইটনা থানার ওসি মো. জাকির রব্বানী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুয়াকাটা (পটুয়াখালী) : কুয়াকাটা পৌরসভার সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৫৬ নেতাকর্মীর নামে পেনাল কোড ও বিস্ফোরক আইনের ধারায় মামলা হয়েছে। গত রবিবার কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সোহেল বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় এ মামলা করেন। মামলায় শতাধিক অজ্ঞাত আসামি রয়েছে।
দিনাজপুর : সাবেক হুইপ ইকবালুর রহিমসহ আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় আরও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন দিনাজপুর সদর উপজেলার বিদুরসাই উত্তরপাড়ার বাসিন্দা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত স্কুলছাত্র রবিউল ইসলাম রাহুলের বড় ভাই ফরিদুল ইসলাম। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।
গাইবান্ধা : সাবেক হুইপ মাহবুবারা বেগম ও সদ্য সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা পুলিশ ক্যাম্পে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম।
রাজশাহী : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দুটি মামলা হয়েছে। গত রবিবার রাতে গোদাগাড়ী থানায় দুটি মামলা রেকর্ড হয়েছে। গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান দুই মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী : জেলা সদরে ৫১ জনসহ অজ্ঞাত ২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। গত রবিবার রাত ১১টার দিকে নীলফামারী সদর থানায় জেলা বিএনপির সভাপতি মো. আলমগীর সরকার বাদী হয়ে মামলাটি করেন। নীলফামারী থানার ওসি এম আর সাঈদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।