আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করলেও দলটি তাদের অর্জন ধরে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘জনগণ আওয়ামী লীগকে কীভাবে দেখে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগ নিজেদের কীভাবে দেখে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএমসিএবি) সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াতের আমির।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘সাড়ে ১৫ বছর দেশ শাসন করে লক্ষ্মণ সেনের মতো দেশ ত্যাগ করা ওনার (শেখ হাসিনা) জন্য মানানসই হয়নি। জামায়াত নেতারা কখনো দেশত্যাগ করেননি। তারা মোকাবিলা করেছেন। আমাদের নেতারা জেল-জুলুম বুকে ধারণ করে দেশেই ছিলেন। কখনো দেশত্যাগ করেননি।’
বর্তমানে জামায়াত কী করছে এমন প্রশ্নের জবাবে দলটির আমির বলেন, ‘বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একজন প্রধান বিচারপতিকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। দেশে নির্বাচন কমিশন, নির্বাচনব্যবস্থা বলতে কিছু নেই। পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। দেশকে সংস্কার করতে হবে। এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ হলো ছাত্র-জনতার বিপ্লবে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো।’
পরে আইএমসিএবি সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। তাতে বলা হয়, মতবিনিময় অনুষ্ঠানে দলের আমির বলেছেন, তারা চান দেশে দ্রুত শান্তিশৃঙ্খলা ফিরে আসুক। দেশের সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ ও রাজনৈতিক সংস্কৃতির সংস্কার হওয়া দরকার। দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা যাবে না। তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। জামায়াত দল হিসেবে সবার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত সবসময় গণতান্ত্রিক, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই। বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য দায়ী করে ১ আগস্ট তৎকালীন সরকার অন্যায়ভাবে নির্বাহী আদেশবলে নিষিদ্ধ ঘোষণা করে, যা দল হিসেবে জামায়াতের ওপর বড় জুলুম।
মতবিনিময় অনুষ্ঠানে ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএমসিএবি) প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাসুদেব ধর, প্রদীপ্ত নারায়ণ, ফরিদ হোসেন, রাজিব খান, কুদ্দুস আফ্রাদ, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, সিয়াম সরোয়ার জামিল, কাউসার আযম, তারিকুল ইসলাম, রাজীব খান, শাহীন পারভেজ, জাকির হোসেন, মো. মনির হোসেন প্রমুখ।