আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব চার উপদেষ্টাকে

অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টাকে আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে প্রধান উপদেষ্টার দায়িত্ব। গতকাল মঙ্গলবার উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে ২০ জন উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

দপ্তর পুনর্বণ্টন করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে আগের দায়িত্বের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন অতিরিক্ত হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ এখন থেকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদকে আগের দায়িত্বের পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এর আগে ১৬ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী, পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া আসিফ নজরুল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, ফারুক ই আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

অন্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তাদের মধ্যে মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, আ ফ ম খালিদ হাসান ধর্ম মন্ত্রণালয়ের, ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের, নূর জাহান বেগম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের, বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এবং সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।