শেখ হাসিনা রেহানা পুতুল ও জয়ের বিরুদ্ধে আরও মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দুজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৩ জনের নামে দুটি মামলা হয়েছে। এর মধ্যে সাংবাদিক হাসান মাহমুদকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা বেগম গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে মামলার আবেদন করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি খিলগাঁও থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। অভিযোগে বলা হয়েছে, হাসান মাহমুদ সাংবাদিক হিসেবে কর্মরত থেকে জীবিকা নির্বাহ করতেন।

এলেম হত্যায় আসামি ৮৮ জন : রাজধানীর সূত্রাপুরে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাদিমুল ইসলাম এলেম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন এলেমের মা কিসমত আরা। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।

আমাদের প্রতিনিধিরা জানান,

চট্টগ্রাম : চাঁদাবাজি, থানা হেফাজতে নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩৫০ থেকে ৪০০ জন। গতকাল চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। মামুন আলী ওরফে কিং আলী নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তপূর্বক এজাহার হিসেবে গণ্য করতে হালিশহর থানা-পুলিশকে নির্দেশ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আশরাফুর রহমান। মামলায় শেখ হাসিনা ছাড়াও আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে আরও দুটি মামলা হয়েছে। গত বুধবার রাতে এ দুটি মামলা করা হয়। বিজিবির ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে পোশাক শ্রমিক জাকির হোসেন রানা (৩৫) ও রহমত মিয়ার (২০) মৃত্যুর ঘটনায় হত্যা মামলা রুজু হয়। একটি মামলার বাদী জাকির হোসেন রানার বাবা জামাল উদ্দিন দয়াল ও অন্যটির বাদী রহমত মিয়ার বাবা মো. মুঞ্জু মিয়া। এ মামলায় ৯৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামি পাঁচশতাধিক।

রংপুর : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী, এলজিইডি প্রতিমন্ত্রী, সাবেক এমপি মোতাহার হোসেন, ডিউক, মতিয়ারসহ ১৭৪ জনের নামে রংপুরে আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান, সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ ১২৮ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্য একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদ বাবু মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে রেকর্ড করার আদেশ দিয়েছে।

খুলনা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে প্রথম হত্যা মামলা করা হয়েছে খুলনায়। গতকাল দুপুরে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে ফুলতলা থানায় এ মামলা করেন। মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বেলালউদ্দিন, কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক।