আ.লীগের ৮ মন্ত্রী ৬ এমপির বিদেশ যেতে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ সরকারের সময়ের আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের (এমপি) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এ আদেশ আসে।

দেশত্যাগ করতে পারবেন না সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম।

নিষেধাজ্ঞা পাওয়া সাবেক এমপিরা হলেন ছলিম উদ্দিন তরফদার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুর-ই-আলম চৌধুরী ও জিয়াউর রহমান। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানিতে বলেন, উল্লিখিত আসামিরা বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা পালিয়ে গেলে অনুসন্ধানের ব্যত্যয় ঘটবে এবং আসামিদের বিচারের মুখোমুখি করা যাবে না। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রয়োজন।