তারেক রহমান বললেন

বিএনপি ক্ষমতায় গেলে কেউ গুম হবে না

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম মানবতাবিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিএনপি ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে আর যাতে কেউ গুম না হয় তা নিশ্চিত করবে। পাশাপাশি মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায়বিচার হতেই হবে।

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘গুম মানবতাবিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় লাখ-লাখ দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়। শেখ হাসিনার দুঃশাসনে গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য।’

তিনি বলেন, ‘আমার দলের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, বাংলাদেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয়, সেটি নিশ্চিত করার জন্য, আমরা জাতিসংঘ কর্তৃক গৃহীত গুম প্রতিরোধ-সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন (আইসিপিপিইডি) অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করব ইনশাল্লাহ। মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায়বিচার হতেই হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে, ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক, আজ পর্যন্ত একটি ঘটনারও ন্যায়বিচার পাওয়া যায়নি। অথচ এই নিখোঁজ মানুষগুলো ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য। তাদের স্বপ্ন, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। অদৃশ্য মানুষগুলো কোথায় আছে আমরা জানিনা, তবে রেখে গেছে মর্মান্তিক ও বেদনাবিধুর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে।’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গুম আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত। আইসিসির রোম সনদের ৭ (২) অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, আর মানবাধিকারের এই লঙ্ঘনের জন্য ন্যায়বিচারের প্রয়োজনীতার ওপর জোর আরোপ করা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে আমরা রাজনৈতিক দর্শন, জাতি, ভাষা, নৃগোষ্ঠী, সংস্কৃতি, বর্ণ ইত্যাদীসহ রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে গুম হওয়া মানুষগুলোর স্মরণে এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করি। আমি এই মনুষ্যত্বহীন অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ন্যায়বিচার ও জবাবদিহিতার জন্য দুনিয়া জুড়ে ঐক্য ও সংহতির আহ্বান জানাই।’

নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান : সারা দেশে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন তারেক রহমান। এর প্রথম দিনে গতকাল রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত এবং বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাই নেই।’