বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি করে মো. সুমন শিকদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বাড্ডা থানার এ মামলায় গত বুধবার গভীর রাতে রাজধানীর গুলশান-১ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের জন্য হেফাজতে (রিমান্ড) পেয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান হোসেন গণমাধ্যমকে জানান, টিপু মুনশিকে আটকের পর গুলশান থানায় সোপর্দ করা হয়। পরে গুলশান থানা পুলিশ নিরাপত্তাজনতি কারণে তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে হস্তান্তর করে।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডার থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম আট দিনের রিমান্ডের আবেদনসহ টিপু মুনশিকে আদালতে সোপর্দ করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার টিপুর মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা গত ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনকে আসামি করা হয়।
টিপু মুনশির জন্ম গোপালগঞ্জে হলেও ১৯৬৪ সালে রংপুর জেলার পীরগাছা উপজেলার গুয়াবাড়ি গ্রামে সপরিবার আবাস গড়েন। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য তিনি। এ ছাড়া ২০১৯-২৩ সাল মেয়াদে তিনি বাণিজ্যমন্ত্রী দায়িত্বে ছিলেন।