পুলিশ কর্মকর্তা স্বামীর সন্ধান চেয়ে কমিশনারের কাছে চিঠি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগের সহকারী কমিশনার ইফতেখার মাহমুদ নিখোঁজ আছেন জানিয়ে তার সন্ধান পেতে ডিএমপি কমিশনার মাইনুল হাসানের শরণাপন্ন হয়েছে পরিবার। ইফতেখার মাহমুদের স্ত্রী সাবা তাহসীন ২৪ আগস্ট ডিএমপি কমিশনার বরাবর দেওয়া চিঠিতে তার স্বামীকে খুঁজে পেতে সহায়তা চান।

এ বিষয়ে গত বুধবার সাবা তাহসীন বলেন, তারা ওই দিন পর্যন্ত ইফতেখারের খোঁজ পাননি। সর্বশেষ পরিস্থিতি জানতে গতকাল শুক্রবার তার মোবাইল ফোনে কয়েকবার কল করা হলে তিনি কল রিসিভ করেননি।

ডিএমপি কমিশনার বরাবর দেওয়া সাবা তাহসীনের চিঠিতে বলা হয়, ‘৫ আগস্ট ইফতেখার মাহমুদ বাড্ডা থানায় দায়িত্ব পালন করেন। এদিন সরকার পতন হলে তিনি প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ইস্যু করা সরকারি অস্ত্র ছিল।’

ইফতেখার মাহমুদ ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত বিমানবাহিনীর ফ্যালকন টাওয়ারে এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আশ্রয়ে ছিলেন উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘তিনি ইস্যু করা সরকারি অস্ত্রটি এয়ারফোর্স অফিসার আবদুল্লাহ ইবনে আলতাফের কাছে রেখে ১১ তারিখ বাড়ি ফেরেন। পরের দিন  ইস্যু করা সরকারি অস্ত্রটি নেওয়ার জন্য আবদুল্লাহ ইবনে আলতাফকে একাধিকবার কল ও মেসেজ করেন ইফতেখার। কিন্তু উত্তর পাওয়া যায়নি। ১৩ আগস্ট ইফতেখার জানতে পারেন ওই এয়ারফোর্স অফিসার হাউজ এরেস্ট আছেন। বিষয়টি জানার পর নিজের নামে ইস্যু করা সরকারি অস্ত্রের জন্য চিন্তিত ছিলেন ইফতেখার।’

এ ঘটনায় ইফতেখার ১৭ আগস্ট তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন উল্লেখ করে চিঠিতে সাবা তাহসীন বলেন, ‘জিডি করার চার দিন পর ২২ আগস্ট পুলিশ কর্মকর্তা ইফতেখারের কাছে কল আসে। পরবর্তীতে তিনি সকাল সাড়ে ১০টায় ড্রাইভারসহ তেজগাঁও এয়ারফোর্স হেডকোয়ার্টারে যান।’

ইফতেখারের সঙ্গে যাওয়া গাড়ির চালক আল-আমীনের উদ্ধৃতি দিয়ে চিঠিতে বলা হয়, ‘এয়ারফোর্স হেডকোয়ার্টারের সামনে থেকে একজন ইফতেখারকে রিসিভ করে ভেতরে নিয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঘণ্টাখানেক অবস্থানের পর আল- আমীন হেডকোয়ার্টারের একজনকে জিজ্ঞেস করলে তাকে জানানো হয়, ইফতেখারকে একজন অফিসার নিয়ে অফিস থেকে বের হয়ে পড়েছেন। বিষয়টি জানার পর সাবা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন।’

পরবর্তী দুই দিন ডিবি অফিস ও বিমানবাহিনীর অফিস থেকে কোনো সাহায্য পাননি উল্লেখ করে চিঠিতে ডিএমপি কমিশনারের সহযোগিতা চান সাবা তাহসীন।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘নিখোঁজ এসির (ইফতেখার) স্ত্রীর চিঠি পেয়েছি। আমরা ইফতেখারের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি। যতটুকু জানতে পেরেছি, ইফতেখার ভালো আছেন। নিরাপদ স্থানেই আছেন। দুই-এক দিনের মধ্যে তাকে ফিরে পাব বলে আশা করছি।’