রাজধানীর কালশী ফ্লাইওভার এলাকা থেকে মো. আসলাম সেরনিয়াবাত নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি শীর্ষস্থানীয় করদাতা ও গাড়ি বিক্রির প্রতিষ্ঠান কার সিলেকশনের স্বত্বাধিকারী। এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছেন আসলাম সেরনিয়াবাতের ভায়রা (শ্যালিকার স্বামী) লেফটেন্যান্ট কর্নেল তারেক হোসেন ভুইয়া।
অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালশী ফ্লাইওভারের নিচে আসলাম সেরনিয়াবাতের গাড়ি থামতে বলে কয়েকজন ব্যক্তি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরা ও সিভিল (সাধারণ) পোশাকে ছিলেন কয়েকজন ব্যক্তি। এরপর একটি গাড়িতে উঠিয়ে আসলামকে নিয়ে যায় অপহরণকারীরা।
এ বিষয়ে লে. কর্নেল তারেক হোসেন ভুইয়া বলেন, ‘থানা পুলিশ ও র্যাব-৪ কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে। আমরা দ্রুত আসলাম সেরনিয়াবাতকে সুস্থভাবে ফিরে পেতে চাই।’
থানায় করা অভিযোগে তারেক হোসেন ভূঁইয়া আরও উল্লেখ করেছেন, আসলাম সেরনিয়াবাত তার বারিধারার অফিস শেষ করে একজন আইনজীবীর সঙ্গে দেখা করার জন্য মিরপুরে যান। সঙ্গে আরেকটি গাড়িতে গাড়ি ব্যবসায়ী সমিতির বারিধারার সভাপতি হাবিবুল্লাহ ডন ছিলেন। আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাসার উদ্দেশে রওনা হন আসলাম। বাসায় ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে কালশী ফ্লাইওভারের নিচে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে কয়েকজন ব্যক্তি আসলামের গাড়ি থামার জন্য সংকেত দেয়। এ সময় চালক গাড়ি থামালে গাড়িতে আসলাম আছে কি না জানতে চান তারা এবং আসলামকে গাড়ি থেকে নামতে বলেন। গাড়ি থেকে নামলে সাধারণ পোশাকে থাকা এক ব্যক্তি আসলামের হাতে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর আসলামকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় তারা। কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসলামকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ব্যবসায়ী অপহরণের ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’