ভারতে এক্সাইজ কনস্টেবল পদে নিয়োগের জন্য শারীরিক দক্ষতার পরীক্ষা চলছিল। সেইসময় একাধিক প্রার্থীর মৃত্যু হয়েছে। বিজেপির দাবি, কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। ‘রাতভর লাইনে দাঁড় করিয়ে চড়া রোদে দৌড়’ করানো হয় প্রার্থীদের।
ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি অভিযোগ করেছেন, চাকরিপ্রার্থীদের মধ্যরাত থেকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আর পরদিন প্রবল রোদের মধ্যে তাদের দৌড়াতে বাধ্য করা হয়েছিল। সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, চিকিৎসার জন্য পর্যাপ্ত বন্দোবস্তও ছিল না। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। কীভাবে প্রার্থীদের মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দায়ের করা হয়েছে একটি মামলাও।
শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, ঝাড়খণ্ডের এক্সাইজ কনস্টেবলে নিয়োগের জন্য শারীরিক দক্ষতার পরীক্ষা চলছিল। রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামু, পূর্ব সিংভূম এবং সাহেবগঞ্জ জেলায় পরীক্ষা নেওয়া হচ্ছিল।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে শারীরিক সক্ষমতার পরীক্ষার সময় কয়েকটি কেন্দ্রের কয়েকজন প্রার্থীর মৃত্যু হয়েছে। সেই বিষয়টি নিয়ে একটি মামলা রুজু করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
ঝাড়খণ্ড বিজেপির সভাপতি দাবি করেছেন যে, মৃত চাকরিপ্রার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তাদের পরিবারের একজনকে চাকরিও দিতে হবে।
বিজেপি সভাপতির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে পুলিশ। একটি বিবৃতিতে পুলিশের তরফে জানানো দাবি করা হয়েছে, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা ছিল। রাখা হয়েছিল মেডিকেল টিম, ওষুধ, অ্যাম্বুলেন্স এবং পানি।