ইসতিকলাল মসজিদে যাবেন পোপ ফ্রান্সিস

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২ দিনের সফরে যাচ্ছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এই সফরে আগামী মঙ্গলবার তার জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে দেশটির ঐতিহাসিক ইসতিকলাল মসজিদ পরিদর্শন করবেন তিনি। আন্তঃধর্মীয় সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে এই মসজিদ পরিদর্শনে যাবেন পোপ। ধর্মীয় সম্প্রীতি ও স্থাপত্য নৈপুণ্যের অপূর্ব নিদর্শন ইসতিকলাল মসজিদটি একটি সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গের মাধ্যমে ‘আওয়ার লেডি অব দ্য আজাম্পশন’ ক্যাথেড্রালের সঙ্গে সংযুক্ত। ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে ২০২০ সালে ২৮ দশমিক ৩ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি নির্মাণ করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এ মসজিদ ছাড়াও ক্যাথেড্রালের সঙ্গে এটির সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গটি পরিদর্শন করবেন তিনি।