সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তাদের সন্তান সাফিয়া তাসনিম খান, শাফি মোদাছির খানসহ ১০ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. হারুন অর রশীদ বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন। দেশ ছেড়ে তারা চলে গেলে তাদের বিচারের মুখোমুখি করা যাবে না এবং অনুসন্ধানের ব্যত্যয় ঘটবে।