পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন পররাষ্ট্র সচিব হতে যাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে। তবে এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। শিগগিরই এ প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হবে।
মাসুদ বিন মোমেন ২০১৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেন এবং ২০২২ সালের নভেম্বরে আওয়ামী লীগ সরকার তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছরের জন্য বাড়িয়ে চলতি বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত করে। পররাষ্ট্র সচিব নিয়োগের আগে তিনি ২০১৫ সাল থেকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাসুদ বিন মোমেনকে বিদায় দেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাও বক্তব্য দেন। তিনি কর্মকর্তাদের জানান, নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।
চীনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত জসীম উদ্দিনকে গত ২০ আগস্ট অবিলম্বে দায়িত্বভার ত্যাগ করে ঢাকায় ফেরত আসার নির্দেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে তিনি কাতার ও গ্রিসে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। জসীম উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা।