মাদ্রাসা শিক্ষার্থীদের ইংরেজি শেখান ইয়াহইয়া মাহমুদ

বিশ্ব পরিমণ্ডলে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে ইংরেজি ভাষা শেখার বিকল্প নেই। তাই ইংরেজিতে দক্ষ একদল দাঈ তৈরির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের ভাষাটি শেখাচ্ছেন তরুণ আলেম ইয়াহইয়া মাহমুদ। এরই মধ্যে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন।

ইয়াহইয়া মাহমুদ ফরিদপুরের সালথা থানার গাট্টি গ্রামের মাওলানা আইয়ুব আলী খানের ছেলে। তিনি এরই মধ্যে মাহমুদ’স এডুকেশন নামে ইংরেজি শিক্ষার একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন ‘মারকাজুন নুরাইন ইংলিশ মিডিয়াম মাদ্রাসা।’

বর্তমানে নিজের প্রতিষ্ঠানের পাশাপাশি আরও ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছেন ইয়াহইয়া মাহমুদ। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত কয়েকশ শিক্ষার্থীকে ইংরেজি শিখিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছেন স্কুল, কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মধ্যে অনেকে দক্ষ হয়ে বর্তমানে অন্যদের ইংরেজি শেখাচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সচেতন আলেমের জন্য যুগের চাহিদা অনুযায়ী সব বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। সেদিকে লক্ষ্য রেখেই আমি এই খেদমতটি বেছে নিয়েছি।’

ইয়াহইয়া মাহমুদ কওমি মাদ্রাসা থেকে হিফজ, দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেছেন। ছাত্র বয়সেই ইংরেজির প্রতি তার ঝোঁক ছিল। সেই আগ্রহ থেকে শুরুতে একা একা বই পড়ে ইংরেজি শেখার চেষ্টা করেন। পরে দেখলেন, এভাবে ভাষাটি পুরোপুরি আয়ত্ত করা সম্ভব নয়। অতঃপর বিভিন্ন কোর্সে অংশগ্রহণ এবং ইংরেজির ওপর ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি।

তিনি বলেন, ‘যখন মনে হলো আমি ইংরেজি আয়ত্ত করতে পেরেছি, তখন অন্যদের শেখাতে আরম্ভ করলাম। শুরুটা হয় ২০২৩ সালে রমজান মাসে। সেটি একটি অনলাইন কোর্স ছিল। এর তিন-চার মাস পরই আমার অফলাইন ক্লাস শুরু হয়।’

বর্তমানে ইয়াহইয়া মাহমুদ অনলাইন এবং অফলাইন মিলিয়ে অন্তত ১১টি কোর্স পরিচালনা করছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষ হওয়ার পাশাপাশি ইংরেজিতেও দক্ষ হয়ে উঠুক। যেন তারা এই ভাষার মাধ্যমে বিশ্ব দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারে, আমি সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার দোয়া কামনা করি।’