ঢাকার অ্যাডিশনাল এসপি আবদুল্লাহিল কাফী আটক

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবদুল্লাহিল কাফীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরমুহূর্তে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় কয়েকজন বিক্ষোভকারীকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আবদুল্লাহিল কাফীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, আটকের পর আবদুল্লাহিল কাফীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গত ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, ‘আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় আবদুল্লাহিল কাফী সাসপেক্ট (সন্দেহভাজন)। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএমপির ডিবি সদস্যদের হাতে আটক হয়েছেন বলে খবর পেয়েছি। এর বেশি কিছু জানি না।’

যোগাযোগ করা হলে ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ‘পুলিশের একটি দল তাকে (আবদুল্লাহিল কাফী) আটক করেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।’