অনেক গাছ আছে, যাদের ফলন বর্ষায় বেশি, বৃষ্টির পানিতে সেসব গাছ বেড়ে ওঠে দ্রুত। তবে বর্ষায় তাদের যতেœর কমতি হলে সাধের গাছের বারোটা বেজে যায়। কীভাবে আপনার বারান্দার গাছের যত্ন নেবেন বর্ষার সময়ে জেনে নিন
বর্ষায় দিনে বারান্দার গাছগুলোকে নিরাপদ রাখতে চাইলে সবার আগে বারান্দায় শেড লাগানোর ব্যবস্থা করুন। বৃষ্টির পানিতে রোজ রোজ গাছগুলো ভিজলে গাছের গোড়া পচে যেতে পারে। আবার বৃষ্টির পানিতে থাকা ক্লোরিন গাছ হলদেটে করে দিতে পারে।
বর্ষার পানিতে গাছের মাটির ওপরের স্তর ধুয়ে যায়। সঙ্গে গাছের গোড়ায় দেওয়া সারও ধুয়ে চলে যায়। ফলে গাছ পানি পেলেও পুষ্টি পায় না। তাই গাছের কা- থেকে প্লাস্টিক বেঁধে টবের মাটি ঢেকে রাখতে পারেন। এতে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে মাটিকে পুষ্ট করবে।
বর্ষায় আগাছা জন্মানোর প্রবণতা থাকে অনেক বেশি। তাই নিয়মিত আগাছা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। আগাছা পরিষ্কার না করলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে।
বর্ষাকালে গাছের গোড়ায় পানি জমে গাছ নষ্ট হয়ে যায়। খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি না জমে। তার টবের নিচে অন্তত গর্ত করে রাখতে ভুলবেন না। দু-তিন দিন বাদে দেখে নিতে হবে গর্তের মুখ বুজে গিয়েছে কিনা।
আগাছা কাটার পাশাপাশি কীটপতঙ্গ থেকেও রেহাই দিতে হবে গাছকে। গাছের বৃদ্ধির জন্য অনেক সময়েই তারা অন্তরায় হয়ে দাঁড়ায়। এই মৌসুমে নিয়মিত প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করতে হবে। নিমের তেল, লবণ পানি, চায়ের পাতা, চালডাল ধোয়া পানি ইত্যাদি ব্যবহার করতে পারেন।