সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে। এ ছাড়া হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের হয়েছে তিনটি। বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার এসব মামলা ও অভিযোগ দায়ের হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে ১২১টি হত্যা মামলা হয়েছে। এ ছাড়া হত্যাচেষ্টা ও অপহরণের মামলা হয়েছে ১২টি। গত ১৩ আগস্ট থেকে এসব মামলা করা হয়েছে।
আন্দোলনের মধ্যে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন সাবেক মন্ত্রী, ২১ পুলিশ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ ৩৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট নিহত আশুলিয়ায় মানারাত ইউনিভার্সিটির শিক্ষার্থী আহনাফ আবীর আশরাফুল্লাহর বোন সাইয়েদা আক্তারের পক্ষে এ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
সাভার বাজার রোড ও ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় দুজনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য (এমপি) ও পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার সামনে নিহত মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম সেকুলের ভাই খায়রুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, আন্দোলনের সময় সেকুল তার বোন লিমার সামনে গুলিবিদ্ধ হন।
অন্য একটি অভিযোগ দায়ের করেন গত ২০ জুলাই সাভার বাজার রোডের আমিন টাওয়ারের সামনে নিহত মেহেদী হাসানের বাবা বাচ্চু সরকার। এতে বলা হয়, মেহেদী হাসান তার বোনের স্বামী আল-আমিনসহ আমিন টাওয়ারের সামনে আন্দোলনে অংশ নেন। ওইদিন সন্ধ্যা ৭টায় আল-আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দুই অভিযোগে আসামি একই ব্যক্তি বলে দেশ রূপান্তরকে জানান দুজন অভিযোগকারীকে আইনি সহায়তা দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিম।
শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে আছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আবদুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকালের তিনটিসহ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ১২টি অভিযোগ দাখিল করা হয়েছে।
মহাখালীর আইসিডিডিআরবি,র গেটের সামনে মো. সোহাগ নামে এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা করা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে সোহাগের বাবা মো. নুরুল ইসলাম এ মামলাটি করেন। আদালত বনানী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে।
গত ১৮ জুলাই মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত দে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে হত্যা মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে মাদারীপুর সদর থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মাদারীপুরের সাবেক চার সংসদ সদস্যসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।
গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ছাগলনাইয়ার আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র মাহবুবুল আলম মাসুম আহত হয়ে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়েছে। মামলায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বুধবার রাতে মাসুমের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদী ফেনী মডেল থানায় মামলাটি করেন। নিহত মাসুম সোনাগাজী উপজেলার চর চান্দিয়া এলাকার নোমান হাসানের ছেলে।
মহিপালে হত্যাকা-ের ঘটনায় এ নিয়ে পৃথক সাতটি হত্যা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ২ হাজার ৫৮৬ জনকে আসামি করা হয়েছে।
গত ৪ আগস্ট নীলফামারীতে দলীয় কার্যালয়, বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ছাত্র-জনতার ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নীলফামারী সদর আসনের টানা পাঁচবারের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নীলফামারীর আমলি আদালতে মামলাটি করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম বাবলা। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রিনো দেশ রূপান্তরকে বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহিন কবির নীলফামারী সদর থানাকে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
শার্শায় শেখ অফিলের বিরুদ্ধে মামলা : বিএনপি নেতাকে হত্যার হুমকি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য শেখ অফিল উদ্দিনসহ ১১ জনকে আসামি করে মামলা হয়েছে।
যশোর আদালতে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সদস্য ও শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলগাছী গ্রামের মোস্তফা কামাল মিন্টু।
অভিযোগ আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সাত দিনের মধ্যে শার্শা থানার ওসিকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আমিনুর রহমান।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, আদালত প্রতিবেদক ও সংশ্লিষ্ট জেলা প্রতিনিধি