সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র গুলিসহ গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরিফ তমালকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলার পলাতক আসামি ছিলেন তমাল। তিনি সদ্য সাবেক এমপি গালিবুর রহমান শরীফের ছোট ভাই।

গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের আলোবাগ মোড়ের মোহাম্মদ বিন সালাম নামে এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

এদিকে গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানান, গত ৪ আগস্ট ঈশ্বরদীতে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ মো. নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ আগস্ট ঈশ্বরদী থানায় সদ্য সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ ও তার ছোট ভাই শিরহান শরীফ তমালসহ ৭১ জনের নামে এবং আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত যুবলীগ সভাপতি তমালকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা এবং ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার থাকতেই তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছিল। সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ২০১৭ সালের ডিসেম্বরে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার’ অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে বহিষ্কার করে যুবলীগ।