নারীরা সয়াবিন কেন খাবেন

সয়াবিন খুব জনপ্রিয় খাবার, বিশেষ করে নিরামিষভোজীদের জন্য। সব বয়সীরাই সয়াবিন খেতে পারেন। বিশেষ করে চল্লিশোর্ধ্ব মহিলাদের মধ্যে হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই সমস্যা কমাতেও সয়াবিন খুব উপকারী। এছাড়া সয়াবিনের রয়েছে আরও অনেক গুণ।

ক্যালসিয়ামের উৎস

মনোপজ হয়েছে এমন নারীদের তিরিশ গ্রাম সয়াবিন টানা ৬ মাস খাওয়ালে অস্টিয়োপোরোসিসের মতো হাড়ের ক্ষয়জনিত সমস্যা অনেকাংশে প্রতিহত করতে পারে। সপ্তাহে ৩ দিন সয়াবিন ও নিয়মিত সয়ামিল্ক খেলে হাড়ের ক্ষয় প্রতিরোধ করা যায়। পিরিয়ড বন্ধ হওয়ার পর হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে যেতে পারে। ফলে হাড় ভঙ্গুর হয়ে পড়ে। সয়াপ্রোটিনে ফাইটোইস্ট্রোজেন নামের একটি উপাদান থাকে, যা ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে।

রক্ত সঞ্চালন বাড়ায়

সয়াবিনে আছে আইসোফ্ল্যাভেন ও লেসিথিন নামের দুটি অ্যান্টি-অক্সিড্যান্ট। এগুলো কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্যে করে। এই কোলেস্টেরল দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই কোলেস্টেরলই হৃদ্রোগ ও স্ট্রোকের মতো সমস্যা ডেকে আনে। সয়াবিনের অ্যান্টি-অক্সিড্যান্ট এই সমস্যার মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

বয়সের ছাপ পড়তে দেয় না

সয়াবিনে আইসোফ্ল্যাভেন থাকে। ত্বক ও চুল ঝকঝকে রাখতে সাহায্য করে। তা ছাড়া সয়াবিনে থাকা লেসিথিন যেহেতু রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে, তাই ত্বকের কোষ চাঙ্গা থাকে। এতে অকাল বার্ধক্য থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি, সয়াবিনের লেথিসিন ফ্যাটের বিপাক হার বাড়াতে সাহায্য করে। তাতে ওজনও নিয়ন্ত্রণে থাকে।