জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (এনআইএনএস) গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানে গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
গতকাল শনিবার ড. ইউনূস রাজধানীর শের-ই-বাংলা নগরে হাসপাতালটি পরিদর্শনে যান বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ গুরুতর আহত অন্তত ১১ জন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ জানান, প্রধান উপদেষ্টা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজখবর নেন। চারজনেরই মাথায় গুলি লেগেছে।
প্রধান উপদেষ্টাকে পরিচালক বলেন, ‘গুলিবিদ্ধ চারজনের অবস্থার উন্নতি হচ্ছে।’
ড. মুহাম্মদ ইউনূস হাসপাতাল পরিদর্শনকালে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।