স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না

অন্তর্র্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে  বিজিবি সদস্যদের কঠোর নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।