সদ্য বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। সামনে আছে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। আর এই সময়ের মধ্যে দেশের ক্রিকেটের উন্নতির জন্য চ্যাম্পিয়ন্স কাপের আয়োজন করতে চলেছে পাকিস্তান। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট পাকিস্তানের ক্রিকেটের উন্নতি করতে পারবে না বলেই মনে করছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম হলেন কামরান আকমল।
উইকেটকিপার ব্যাটাসম্যান কামরান আকমল মনে করেন, এই টুর্নামেন্ট আয়োজনের বদলে ক্রিকেটের উন্নতির জন্য সঠিক পথে বেছে নেওয়া জরুরি। তার ভাষায়, ‘দলিপ ট্রফিতে ভারতের মুশির খান ১৮১ রান করছে। কারও উচিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের একটা ঘরে বন্ধ করে মুশিরের ইনিংস দেখানো। তাদের বোঝানো, কীভাবে কোনো দেশের ক্রিকেটের উন্নতি সম্ভব। নাহলে পাকিস্তানের ক্রিকেট আরও নীচের দিকেই যাবে।’
কামরান আরও বলেছেন, ‘মহসিন নাকভির বোর্ড ভাবছে, চ্যাম্পিয়ন্স কাপ খেলে পাকিস্তানের ক্রিকেটারদের উন্নতি হবে। সেটা হবে না। আমার মতে, এই টুর্নামেন্ট করে সময় ও অর্থের অপচয় হবে। এসব টুর্নামেন্টে জন্যই দেশের তরুণ প্রজন্ম লাল বলের ক্রিকেট থেকে আস্থা হারাচ্ছে। পরিস্থিতি খুব খারাপ। দেশের ক্রিকেট খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পিসিবি এর আসল কারণ বুঝতে পারছে না। তাতে আরও ক্ষতি হচ্ছে।’
ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে পাকিস্তান। সামনে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ আছে তাদের। কিন্তু দলের যা পারফরম্যান্স তাতে আশা দেখছেন না সাবেক ক্রিকেটারেরা। এই পরিস্থিতিতে অনেকে লাল বলের ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেওয়ার পরামর্শও দিয়েছেন। কামরান দিলেন ভারত থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ।