দেশের শিল্পাঞ্চলগুলোতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের খবর প্রকাশিত হচ্ছে। বিভিন্ন এলাকায় কারখানা বন্ধ রাখতে হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে। সাভার এবং আশুলিয়া থেকে শুরু করে গাজীপুরের ব্যস্ত কারখানাগুলোতে পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার খবর গণমাধ্যমে এসেছে। এর প্রধানতম শিকার হচ্ছে আমাদের পোশাক শিল্প খাত যা দেশের অর্থনীতির মেরুদন্ড। এই সংকট ক্রমেই আরও ঘনীভূত হচ্ছে। তবে, এই অস্থিরতা শুধু বেতন, বকেয়া বা চাকরির নিরাপত্তার দাবির জন্য নয়। এটি একটি জটিল, রাজনৈতিকভাবে প্রভাবিত ক্ষমতার লড়াই যা পুরো খাতটিকে অস্থিতিশীল করে তুলে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে।
প্রাথমিকভাবে দেখলে, এই অস্থিরতা শ্রমিকদের দাবির দ্বারা চালিত বলে মনে হতে পারে। বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা, বকেয়া বেতন পরিশোধ এবং ন্যায্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার দাবি নতুন নয়। মূলত এসব দাবি সামনে রেখেই অস্থিরতা ছড়িয়ে পড়ছে। সাভার, আশুলিয়া, নরসিংদী এবং নারায়ণগঞ্জের মতো প্রধান শিল্পাঞ্চলগুলোতে কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছে, দেশের প্রধান মহাসড়কগুলো অবরোধ করে তারা দাবি জানাচ্ছে।
তবে, ঘটনার দিকে গভীরভাবে তাকালে এবং বিশ্লেষণ করলে একটি উদ্বেগজনক চিত্র প্রকাশ পায়। মনে রাখতে হবে ১৫ বছরের একটি স্বৈরাচারী সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছে এবং মাত্র এক মাস হয়েছে অন্তর্বর্তী সরকার দেশের শাসনভার গ্রহণ করেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর পরই এই অস্থিরতা শুরু হয়েছে। ফলে এই শ্রমিক অসন্তোষের পেছনে বড় রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতকে বিবেচনা করতে হবে। রাজনৈতিক দলগুলো বরাবরই শ্রমিকদের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়, আর শ্রমিকদের একটি বড় খেলার পুতুল হিসেবে ব্যবহার করে। ফলত বর্তমানে আমরা যা দেখছি তা শুধু একটি শ্রমিক আন্দোলন নয়, এটি শিল্পাঞ্চলে কারখানা-কেন্দ্রিক ব্যবসার ওপর আধিপত্য বিস্তার ও রাজনৈতিক স্বার্থ হাসিলের একটি পরিকল্পিত প্রচেষ্টা।
সংবাদপত্রের প্রতিবেদন এবং শ্রমিকদের বক্তব্য থেকে জানা যায়, সরকারের পরিবর্তনের পর, বিভিন্ন রাজনৈতিক দল কারখানা-সংলগ্ন ব্যবসা যেমন ঝুট ব্যবসা, খাদ্য সরবরাহ এবং অন্যান্য পরিষেবার ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই দলগুলো শ্রমিকদের একটি সুবিধাজনক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এ ধরনের কৌশল আমাদের দেশে নতুন নয়। রাজনৈতিক পটপরিবর্তনের সময়, বৈধ শ্রমিক আন্দোলন এবং পরিকল্পিত অস্থিরতার মধ্যে সীমারেখা প্রায়ই অস্পষ্ট হয়ে যায়। শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি সম্প্রতি বলেছেন যে, বর্তমান আন্দোলন শ্রমিকদের প্রকৃত দাবিগুলো প্রতিফলিত করে না। তার মতে, ‘যদি কোনো বাস্তব অভিযোগ থাকে, তবে তা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত’। বাইরের শক্তিও নিজেদের স্বার্থসিদ্ধিতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শ্রমিকদের উসকে দিতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, আমরা তার কথাকে উড়িয়ে দিতে পারি না।
পরিস্থিতি যে গুরুতর, তা বলার অপেক্ষা রাখে না। পোশাক শিল্প কেবল আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশই নয়; এটি লাখ লাখ বাংলাদেশি শ্রমিক এবং তাদের পরিবারের জীবনরেখা। দীর্ঘমেয়াদি অস্থিরতা বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে কারখানা বন্ধ থেকে গণহারে কর্মী ছাঁটাই পর্যন্ত এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর সম্ভাবনাও রয়েছে, যারা আরও স্থিতিশীল সরবরাহ চেইন খুঁজে নিতে পারে।
যেহেতু প্রতিবাদ বাড়ছে এবং সড়ক অবরোধ ও ধর্মঘট মারাত্মক বিঘœ ঘটাচ্ছে, সরকার পরিস্থিতি সামাল দিতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেনাবাহিনী, পুলিশ এবং শিল্প পুলিশকে নিয়ে একটি যৌথ অভিযান শুরু হয়েছে। তবে এখানে একটি সূক্ষ্ম রেখা রয়েছে: শৃঙ্খলা পুনরুদ্ধার করা যেমন জরুরি, তেমনই কোনোভাবে শ্রমিক নেতাদের বা প্রকৃত শ্রমিকদের বিরুদ্ধে অন্যায়ভাবে কঠোর পদক্ষেপ প্রয়োগ করা উচিত নয়।
এই সংকটের সমাধান সহজ নয়। একদিকে, সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে কোনো গোষ্ঠী এই পরিস্থিতিকে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে না পারে। অন্যদিকে, সরকারকে নিশ্চিত করতে হবে যে শ্রমিকদের ন্যায্য চাহিদাগুলো ও বাস্তব সমস্যাসমূহের যেন সমাধান হয়।
এই মুহূর্তে সব পক্ষের শ্রমিক, কারখানা মালিক এবং সরকারের খোলামেলা আলোচনার জন্য একত্র হওয়া প্রয়োজন। সরকারকেও তদন্ত করে দেখতে হবে এবং কোনো গোষ্ঠী শ্রমিকদের তাদের স্বার্থের জন্য ব্যবহার করছে কি না তা চিহ্নিত করতে হবে। এটা শুধু শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপার নয়; এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প খাতের সংস্কার ও ভবিষ্যৎ রক্ষা করার ব্যাপার।
ভবিষ্যতের দিকে তাকালে স্পষ্ট হয় যে, বাংলাদেশের পোশাক শিল্প একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আগামী দিন এবং সপ্তাহে নেওয়া পদক্ষেপগুলো কেবল এই খাতের স্থিতিশীলতা নয়, আমাদের সমগ্র জাতির অর্থনৈতিক সুস্থতাও নির্ধারণ করবে। এখানে কোনো আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের সজাগ থাকতে হবে, নিশ্চিত করতে হবে যে শ্রমিকদের প্রকৃত কণ্ঠস্বর শোনা হচ্ছে এবং তাদের প্রকৃত চাহিদা পূরণ হচ্ছে।
আমরা আমাদের শ্রমিকদের রাজনৈতিক খেলায় কেবল পুতুল হয়ে উঠতে দেব না। বরং, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক, অর্থনৈতিক, এবং সামাজিক সমস্ত ক্ষেত্র জুড়ে একটি ন্যায্য, সুষ্ঠু এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম পোশাক শিল্প গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে হবে। ঐক্য, সংলাপ এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমেই আমরা এই সংকট মোকাবিলা করতে পারি এবং আরও শক্তিশালী হয়ে উঠতে পারি। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যা প্রজ্ঞা, সংযম এবং সবার জন্য ন্যায়বিচারের প্রতি দৃঢ প্রতিশ্রুতি দাবি করে। আসুন আমরা সবাই এই চ্যালেঞ্জ মোকাবিলা করি।
লেখক : স্থানীয় সাংবাদিক (গাজীপুর)
mssadi9655@gmail.com