বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হাজির করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।
দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর ফাতেমা খানম নীলা মামলায় সাক্ষী হাজির করার জন্য সময়ের আবেদন করেন। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা মৌখিকভাবে সাক্ষী শেষ করার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ১২ সেপ্টেম্বর সব স্বাক্ষী হাজির করার নির্দেশ দেয়।
আদালত সূত্রে জানা যায়, ইতিমধ্যে এ মামলায় বাদীসহ দুজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। যার মধ্যে বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল বাকী আংশিক সাক্ষ্য দিয়েছেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।
মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। গত ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ আট আসামির অব্যাহতি আদালত নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেয়।
এ মামলায় অন্য আসামিরা হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম। তাদের মধ্যে তিনজন পলাতক।
এ ছাড়া মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক জ¦ালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।