ফখরুল বললেন

ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্ব দেখাচ্ছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ, ভারত সব সময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে।’ গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয়, ভারত সব সময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে। যেটা তাদের জন্য ও পার্শ্ববর্তী দেশের জন্য শুভ হবে না। সম্মান, মর্যাদা ও পরস্পরের স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।’

আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ইতিমধ্যে দুবার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করেছি। প্রতিবারই বিএনপি থেকে বলা হয়েছে, যে সংস্কারগুলো তারা করতে চায়, সেগুলো যেন জনগণের সামনে তুলে ধরে। এ ছাড়া বলা হয়েছে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে।’

তিনি বলেন, ‘১৬ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এই বিপ্লবে নারী-শিশুসহ দেশের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। যে স্বাধীনতা অর্জন হয়েছে, তা সুসংহত করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার দেশে শিগগির জনগণের রায় ও মতামতের ওপর শ্রদ্ধা প্রদর্শন করে যত দ্রুত সম্ভব সংস্কারগুলো সস্পন্ন করবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করবে।’

এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।