রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সোচ্চার হবে বিএনপি

সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ৩১ দফা আবারও সাধারণ মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমন পরামর্শ দেন। দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত পৌনে ৯টার দিকে বৈঠক শুরু হয়ে সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তা চলছিল। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ৩১ দফা নিয়ে আবারও সাধারণ মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে বিগত বছরে যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোকেও এতে যুক্ত করার পরামর্শ এসেছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হওয়ায় সংস্কার প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরারও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এর আগে দুপুরে একই রকম পরামর্শ এসেছে গণতান্ত্রিক বাম ঐক্য, গণ অধিকার পরিষদ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির বৈঠক থেকে। তিন দলের সঙ্গে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে দলটির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সারা দেশে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হবে।’

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ ও এজেডএম জাহিদ হোসেন।